বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছিল এমনিতেই। তবে ম্যাচ শেষ হতে পারল না। সিলেটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় যুব ওয়ানডে পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে।
৪৫ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশের যুবারা ৪৩ ওভার খেলে ৯ উইকেটে তুলেছিল ১৮৩ রান। এরপর আর খেলা হতে পারেনি এক বলও। প্রথম ম্যাচে ১৪৫ রানে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।
আগের ম্যাচে মতো এদিনও ভালো করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার। ৫৩ রানে হারাতে হয় ৪ উইকেট। পঞ্চম উইকেটে ৭৫ রানের জুটি গড়েন মোহাম্মদ রাকিব ও মাহিদুল ইসলাম অঙ্কন।
তবে দুজনের কেউই খেলতে পারেননি বড় ইনিংস। ৫৭ বলে ৪৬ রান করে ফেরেন রাকিব। ৭৩ বলে ৪৪ মাহিদুল।
আগের ম্যাচে ব্যাটে-বলে দলের জয়ের নায়ক কাজী অনিক ইসলাম আটে নেমে এদিনও খেলেন কার্যকর এক ইনিংস। ২৭ বলে ৩২ করেন ৩ ছক্কায়।
আফগানদের হয়ে ৪ উইকেট নেন ইউসুফ জাজাই, ৪টি মুজিব উর রহমান।
রান খুব বেশি না হলেও আগের ম্যাচে ৭৭ রানে গুটিয়ে যাওয়া আফগান যুবাদের জন্য এটি হতে পারত বড় চ্যালেঞ্জ। সেই পরীক্ষা নিতে দিল না বৃষ্টি।