আফগানিস্তানে গিয়েছিলেন ঘরোয়া টি-টোয়েন্টিতে ধারাভাষ্য দিতে। আফগান ক্রিকেটের সঙ্গে নতুন সম্পর্ক শুরুর আলোচনা এগিয়েছে তখনই। মঙ্গলবার এলো ঘোষণা। আফগানিস্তান জাতীয় দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডিন জোন্স।
বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আপাতত হংকংয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচের জন্য দায়িত্বে থাকবেন জোন্স। হংকং সফরের পর দুই পক্ষের ভালো লাগা সাপেক্ষে আলোচনা হবে লম্বা সময় চুক্তির ব্যাপারে।
গত অগাস্টে লালচাঁন রাজপুতের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে কোচবিহীন ছিল আফগানিস্তান দল। লম্বা সময়ের জন্য কোচ ধরে রাখার ক্ষেত্রে বেশ ধুঁকতে হচ্ছে আফগানদের। গত ৫ বছরে তাদের পঞ্চম কোচ জোন্স। রাজপুতের আগে ছিলেন পাকিস্তানের ইনজামাম-উল-হক, রশিদ লতিফ ও কবির খান।
ইন্টারকন্টিনেন্টাল কাপে অপরাজিত থাকলেও ৮১ পয়েন্ট নিয়ে আপাতত দুইয়ে আছে আফগানিস্তান। ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আয়ারল্যান্ড।
ধারাভাষ্যকার হিসেবে পরিচিত থাকলেও জোন্সের কোচিং অভিজ্ঞতা সমৃদ্ধ নয়। প্রথম বিপিএলে তিনি ছিলেন চিটাগং কিংস দলের টেকনিক্যাল ডিরেক্টর।