পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

গত সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের যুবাদের নাস্তানাবুদ করে গেছেন মুজিব জাদরান। এই অফ স্পিনার এবার আফগানিস্তানকে এনে দিলেন আরও বড় সাফল্য। ১৬ বছর বয়সী স্পিনারের অসাধারণ বোলিংয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে আফগানিস্তান।

মালেয়েশিয়ায় রোববার ফাইনালে পাকিস্তানকে ১৮৫ রানে হারায় আফগানিস্তান। কুয়ালা লামপুরের কিনরারা ওভালে আফগান যুবাদের ২৪৮ রান তাড়ায় পাকিস্তান গুঁড়িয়ে যায় ৬৩ রানেই।

৭.১ ওভার বোলিং করে মাত্র ১৩ রানে ৫ উইকেট নেন মুজিব। ১৮ রানে ৩ উইকেট নেন কাইস আহমেদ।

১১৩ বলে অপরাজিত ১০৭ রান করে ফাইনালের ম্যাচ সেরা আফগান উইকেটকিপার ব্যাটসম্যান ইকরাম ফাইজি।

তবে আফগানিস্তানের শিরোপা ছিল মুজিবময়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই পাকিস্তানের বিপক্ষেই ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন মুজিব। এরপর সেমি-ফাইনালে নেপালের বিপক্ষে আবার ৬ উইকেট নেন ২৮ রানে। ফাইনালে নিলেন ৫টি। সব মিলিয়ে মাত্র ৫ ম্যাচে ২০ উইকেট নিয়ে তিনিই টুর্নামেন্ট সেরা।

গত সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে এসেও ভুগিয়ে গেছেন এই অফ স্পিনার। এক ম্যচে ৭ উইকেট, আরেক ম্যাচে ৪ উইকেটসহ ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়েছিলেন ১৭ উইকেট।

আফগানিস্তানের শিরোপা জয় যেমন বুঝিয়ে দিচ্ছে দল হিসেবে ভবিষ্যত কতটা উজ্জ্বল আফগানদের, তেমনি মুজিবের সাফল্য বলে দিচ্ছে, রশিদ খানের পর হয়ত আরও একটি স্পিন রত্ন উপহার দিচ্ছে আফগানিস্তান।