‘বি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৩০ রানে হারে আফগানিস্তান। বাছাই পর্বে তিন ম্যাচে এটি তাদের তৃতীয় হার। এই হারে সুপার সিক্সের পথ কঠিন হয়ে গেল আফগানদের।
বুলাওয়ায়োর অ্যাথলেটিক ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪১ রান করে হংকং। ৪৩ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারানো দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন রথ। ৬টি চার ও একটি ছক্কায় ৯০ বলে ৬৫ রান করেন তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ বাবর হায়াতের ৩১। নিজাকাত খান করেন ২৮ রান।
তিনটি করে উইকেট নেন দুই অফ স্পিনার মুজিব উর রহমান (৩/২৬) ও মোহাম্মদ নবি (৩/৪৮)। উইকেটশূন্য থাকেন লেগ স্পিনার রশিদ খান।
আফগানিস্তানের ইনিংসের ৪৩তম ওভার শেষে বৃষ্টি নামে। সে সময় তাদের স্কোর ছিল ১৬৭/৭। আবার খেলা শুরু হলে তারা পায় ৪৬ ওভারে ২২৬ রানের লক্ষ্য। ৩ ওভারে তাদের প্রয়োজন ছিল ৫৯ রান, যা ছিল প্রায় অসম্ভব। আফগানিস্তান ৪৬ ওভারে ৯ উইকেটে করে ১৯৫ রান।
প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচ জন যান দুই অঙ্কে। কিন্তু চল্লিশ পর্যন্তও যেতে পারেননি কেউ। শেষের দিকে দৌলত জাদরানের অপরাজিত ৪০ রানে দুইশ রানের কাছাকাছি যায় আফগানদের সংগ্রহ।
৩৩ রানে ৪ উইকেট নিয়ে হংকংয়ের সেরা বোলার এহসান। নাদিম আহমেদ ২ উইকেট নেন ৩৭ রানে।
‘বি’ গ্রুপের অন্য ম্যাচে নেপালকে ৪ উইকেট হারিয়ে তিন ম্যাচে তৃতীয় জয় পেয়েছে স্কটল্যান্ড। ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে দলটি। দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে জিম্বাবুয়ে। দুই ম্যাচে এক জয় পাওয়া হংকং আছে তিন নম্বরে।
বিশ্বকাপ বাছাইয়ে দুই গ্রুপে খেলছে পাঁচটি করে দল। ‘এ’ ও ‘বি’ গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স পর্ব। এই পর্বের সেরা দুই দল খেলবে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে।