পরের পর্বে খেলার ব্যাপারটি আফগানদের নিজেদের হাতে নেই। তাদের তাকিয়ে থাকতে হচ্ছে হংকং-নেপাল ম্যাচের দিকে। সোমবারের ওই লড়াইয়ে হংকং জিতে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে আফগানদের।
'বি' গ্রুপের ম্যাচে শনিবার ১৯৫ রানের লক্ষ্য ৬৮ বল বাকি থাকতেই পেরিয়ে যায় আফগানিস্তান। অপরাজিত অর্ধশতক হাঁকিয়ে এই জয়ে বড় অবদান রাখেন নাজিবুল্লাহ জাদরান।
বুলাওয়ায়োর অ্যাথলেটিক ক্লাব স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ১৯৪ রানে গুটিয়ে যায় নেপাল। সর্বোচ্চ ৭৭ রান করেন অধিনায়ক পরশ খাড়কা। তার ৮২ বলের ইনিংসে আছে ১০ চার ও এক ছক্কা।
৩৩ রানে চার উইকেট নিয়ে আফগানিস্তানের সফলতম বোলার ম্যাচ সেরা মোহাম্মদ নবি।
রান তাড়ায় আফগানরদের পথ দেখান রহমত শাহ (৪৬) ও নবি (৩৪)। অপরাজিত ৫২ রানের ঝড়ো ইনিংসে দলকে জয় এনে দেন পাঁচ নম্বরে ব্যাট করতে নামা নাজিবুল্লাহ জাদরান।
'বি' গ্রুপের অন্য ম্যাচে হংকংকে ৮৯ রানে হারায় জিম্বাবুয়ে। স্কটল্যান্ডের পর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করে স্বাগতিকরা।
বুলাওয়ায়োর কুইন্স পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের নৈপুণ্যে ৯ উইকেটে ২৬৩ রান করে জিম্বাবুয়ে।
দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন হ্যামিল্টন মাদাকাদজা। সিফাস জুয়াও ৪৫ ও ব্রেন্ডন টেইলর ৪৬ রান করেন।
৪৭ রানে চার উইকেট নিয়ে হংকংয়ের সবচেয়ে সফল বোলার এহসান নওয়াজ।
জবাবে ২২ বল বাকি থাকতে ১৭৪ রানে গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস। ১১৭ বলে ৬ চার ও এক ছক্কায় ৮৫ রান করেন আনশুমান রাথ।
৩০ রানে ৩ উইকেট নেন সিকান্দার রাজা। দুটি করে উইকেট নেন কাইল জার্ভিস, গ্রায়েম ক্রিমার ও শন উইলিয়ামস।
তিন ম্যাচের সবকটিতে জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে জিম্বাবুয়ে। রান রেটে পিছিয়ে দুই নম্বরে আছে স্কটল্যান্ড।
চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আফগানিস্তান। এক ম্যাচ কম খেলা হংকংয়ের পয়েন্টও ২। তবে রান রেটে পিছিয়ে দলটি চতুর্থ স্থানে আছে।
বিশ্বকাপ বাছাইয়ে দুই গ্রুপে খেলছে পাঁচটি করে দল। ‘এ’ ও ‘বি’ গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স পর্ব। এই পর্বের সেরা দুই দল খেলবে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে।