বিশ্বকাপ বাছাই পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে ৫ উইকেটে জিতেছে নেপাল। তাদের জয়ে তিন দলের পয়েন্ট হয় দুই করে। রান রেটে নেপাল (-০.৮৯৩) ও হংকংকে (-১.১২১) পেছনে ফেলে পরের ধাপে গেল আফগানিস্তান (০.০৩৮)।
এই গ্রুপ থেকে আগেই সুপার সিক্স নিশ্চিত করে স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতে ১৫৩ রানে অলআউট হয়ে যায় হংকং।
সর্বোচ্চ ৪৭ রান করেন নিজাকাত খান। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে এহসান খানের ব্যাট থেকে।
১৭ রানে ৩ উইকেট নিয়ে নেপালের সেরা বোলার লেগ স্পিনার সন্দিপ লামিছানে।
জবাবে ৪০ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নেপাল।
২০ ওভারে ৬৬ রানে ৫ উইকেট হারানো দলকে জয় এনে দেন রোহিত পাউডেল ও সোমপাল কামি। রোহিত অপরাজিত থাকেন ৪৮ রানে। কামি করেন ৩৭ রান।
জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের মধ্যকার ‘বি’ গ্রুপের অন্য ম্যাচ টাই হয়েছে।
বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে ২১০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
ক্রেইগ আরভিন করেন ৫৭ রান। ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকে আসে ৪৪ রান। সলোমন ফিরেন ৩৫ রান করে।
৩৩ রানে ৫ উইকেট নিয়ে স্কটল্যান্ডের সেরা বোলার সাফিয়ান শরিফ। মাইকেল লিস্ক ৪ উইকেট নেন ৩৭।
জবাবে ৫ বল বাকি থাকতে ২১০ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস।
রিচি বেরিংটন করেন ৪৭ রান। অধিনায়ক কাইল কোয়েটজার ফিরেন ৩৯ রান করে।
তিনটি করে উইকেট নেন গ্রায়েম ক্রিমার ও তেন্দাই চিশোরো। ৫০তম ওভারের প্রথম বলে ব্লেজিং মুজারাবানি ফিরিয়ে দেন স্কটল্যান্ডের ১১ নম্বর ব্যাটসম্যানকে। নখ কামড়ানো উত্তেজনার ম্যাচ হয় টাই। ওয়ানডেতে ৩৫তম।
৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা জিম্বাবুয়ে। রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্কটল্যান্ড।
বিশ্বকাপ বাছাইয়ে দুই গ্রুপে খেলছে পাঁচটি করে দল। ‘এ’ ও ‘বি’ গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স পর্ব। এই পর্বের সেরা দুই দল খেলবে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে।