রশিদের স্পিনে আফগানিস্তানের জয়

বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে টানা দ্বিতীয় জয় পেয়েছে আফগানিস্তান। রশিদ খানের স্পিনে সংযুক্ত আরব আমিরাতকে সহজেই হারিয়েছে তারা।

আসগর স্তানিকজাইয়ের দল জিতেছে ৫ উইকেটে। সংযুক্ত আরব আমিরাতের ১৭৭ রান ৯৩ বল বাকি থাকতে পেরিয়ে গেছে আফগানিস্তান।

ওল্ড হারারিয়ান্সে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সংযুক্ত আরব আমিরাতের। ১৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলে দলটি।

ব্যাটসম্যানদের আসা যাওয়ার মধ্যে দলকে এগিয়ে নেন শাইমান আনোয়ার। ৮৭ বলে করেন ৬৪ রান। শেষের দিকে মাত্র ২০ বলে ৪৫ রানের টর্নেডো ইনিংস খেলেন মোহাম্মদ নাভিদ।

৪১ রানে ৫ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার লেগ স্পিনার রশিদ। পেসার দৌলত জাদরান ৩ উইকেট নেন ৪৫ রানে।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দলটি। সেখান থেকে দলকে দারুণ এক জয় এনে দেন গুলবাদিন নাইব ও নাজিবুল্লাহ জাদরান। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে দুই জনে গড়েন ১২৪ রানের জুটি।

ওপেনার গুলবাদিন অপরাজিত থাকেন ৭৪ রানে। মিডল অর্ডার ব্যাটসম্যান নাজিবুল্লাহ ৬৪ বলে করেন ৬৩ রান।

সংযুক্ত আরব আমিরাতের নাভিদ ও কাদির আহমদ নেন দুটি করে উইকেট।

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের পয়েন্ট ৫ করে। আয়ারল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্ট ৪ করে। সংযুক্ত আরব আমিরাতের পয়েন্ট শূন্য। সব দলেরই একটি করে ম্যাচ বাকি।

‘এ’ ও ‘বি’ গ্রুপের সেরা তিনটি করে দল খেলছে সুপার সিক্সে। এই পর্বের সেরা দুই দল খেলবে ২০১৯ বিশ্বকাপে।

সংক্ষিপ্ত স্কোর:

সংযুক্ত আরব আমিরাত: ৪৩ ওভারে ১৭৭ (মুস্তফা ৪, চিরাগ ২২, শাব্বের ৬, মোহাম্মদ ৩, আনোয়ার ৬৪, উসমান ১৩, আদনান ২, রাজা ৪, নাভিদ ৪৫, হায়দার ১*, কাদির ৪; দৌলত ৩/৪৫, মুজিব ১/২৬, গুলবাদিন ০/১০, শরাফুদ্দিন ০/২১, নবি ১/৩৩, রশিদ ৫/৪১)

আফগানিস্তান: ৩৪.৩ ওভারে ১৭৮/৫ (শাহজাদ ৩, গুলবাদিন ৭৪*, রহমত ১৬, সামিউল্লাহ ২, আসগর ৪, নবি ৬, নাজিবুল্লাহ ৬৩*; নাভিদ ২/৩৭, কাদির ২/৩৮, রাজা ১/৩১, মুস্তফা ০/৪১, হায়দার ০/২৭)

ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: রশিদ খান