আফগানিস্তানের অভিষেক টেস্টে ভারত অধিনায়ক রাহানে

আফগানিস্তানের অভিষেক টেস্টে ভারতের নেতৃত্ব দেবেন টপ অর্ডার ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। এক ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ, রোহিত শর্মা ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে।

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামি স্টেডিয়ামে ১৪ জুন শুরু হবে টেস্টটি। গত বছরের জুনে টেস্ট স্বীকৃতি পায় আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
 
ভারত দলে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিভুক্ত ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরির একমাত্র খেলোয়াড় উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান। দলে আছেন অন্য দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরালি বিজয়ও। ব্যাটিংয়ে রোহিতের জায়গায় এসেছেন অভিষেক টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা করুন নায়ার। হ্যামস্ট্রিংয়ের চোটে দক্ষিণ আফ্রিকা সফরের শেষ দুই টেস্টে খেলতে না পারা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও দলে ফিরেছেন। 
 

জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের অবর্তমানে পেস বোলিংয়ের দায়িত্ব থাকছে ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেশ যাদবের কাঁধে। এছাড়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও অভিষেকের অপেক্ষায় থাকা শার্দুল ঠাকুরের উপস্থিতি শক্তিশালী করেছে পেস আক্রমণকে। স্পিন বিভাগে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। 
 
ভারত দল: অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব।