৭ বছর পর শৈশবের দলে জ্যাম্পা

জন্ম, বেড়ে ওঠা, ক্রিকেটে পথচলার শুরু; সবই নিউ সাউথ ওয়েলসে। মাঝের সাত বছর খেলেছেন সাউথ অস্ট্রেলিয়ার হয়ে। দীর্ঘ সময় পর শৈশবের দলে ফিরে আসতে পারায় দারুণ উৎফুল্ল অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা।

২০১২ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন জ্যাম্পা। দলটির হয়ে অভিষেক মৌসুমে খেলেন তিনটি শেফিল্ড শিল্ড ও চারটি ওয়ানডে কাপের ম্যাচ। পরের বছর যোগ দেন সাউথ অস্ট্রেলিয়ায়।

গত সাত বছরে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ৩৫টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ৯৫ উইকেট। আর ওয়ানডেতে ৩৪ ম্যাচ খেলে নিয়েছেন ৫১ উইকেট।

এবার জ্যাম্পাকে আবারও দেখা যাবে পুরনো ঠিকানায়। নিউ সাউথ ওয়েলসের জার্সি গায়ে পুরনো সতীর্থদের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন তিনি।

“যেখানে আমি জুনিয়র ক্রিকেট খেলেছি এবং আমার খেলোয়াড়ি জীবনের শুরু, সেখানে আবার ফেরা ও খেলতে পারাটা আমার কাছে অনেক বড় ব্যাপার।”

“নিউ সাউথ ওয়েলসে আমি যখন নবীন খেলোয়াড় ছিলাম, তখন কয়েক জনের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের সঙ্গে খেলতে আমি মুখিয়ে আছি; শন অ্যাবট, ড্যান হিউস ও হ্যারি কনওয়ে অন্যতম। আমি আমার চারপাশে তাদেরকেই চাই, যারা আমাকে আরও ভালো করতে উদ্বুদ্ধ করবে। আর নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দলে পরিবেশ সবসময়ই এমন বলে আমার মনে হয়।”

চলতি বছরের শুরুতে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নেন স্টিভ ও’কিফ। তারই শূন্যস্থানে দলটিতে যোগ দিয়েছেন জ্যাম্পা।

গত দুই বছরে সাউথ অস্ট্রেলিয়ায় তেমন ম্যাচ খেলার সুযোগ পাননি এই লেগ স্পিনার। এই সময়ে মাত্র তিনটি শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলা ২৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান পুরনো ছন্দ ফিরে পেতে প্রত্যয়ী।