নিউ সাউথ ওয়েলসে ফিরলেন হাথুরুসিংহে

পুরনো ঠিকানায় ফিরলেন চন্দিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসে ব্যাটিং ও সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করবেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক এই কোচ।

২০১০ থেকে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ ছিলেন হাথুরুসিংহে। সেই দায়িত্ব ছেড়ে ২০১৪ সালের জুনে দায়িত্ব নেন বাংলাদেশের। ২০১৭ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি।

পরে দায়িত্ব নেন নিজ দেশ শ্রীলঙ্কার। তবে তার শ্রীলঙ্কায় সময় সুখকর হয়নি। ২০১৯ বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজে দলের বাজে পারফরম্যান্সের পর কয়েক মাস দলে নিষ্ক্রিয় করে রাখা হয় তাকে। পরে চলতি বছরের শুরুতে তার সঙ্গে চুক্তি বাতিল করে লঙ্কান বোর্ড।

এখন আবার পুরনো ঠিকানায় ফিরলেন তিনি। নিউ সাউথ ওয়েলসে হাথুরুসিংহে কাজ করবেন প্রধান কোচ ফিল জ্যাকস, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও স্পিন বোলিং কোচ অ্যান্থনি ক্লার্কের সঙ্গে।