তালতলীতে ২ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন

কারচুপি, কেন্দ্র দখলসহ কয়েকটি অভিযোগ তুলে বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত আবদুল মজিদ তালুকদার ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ফরহাদ হোসেন আক্কাস মৃধা এ ঘোষণা দেন।

আবদুল মজিদ তালুকদারের অভিযোগ, প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় আওয়ামী লীগ প্রার্থী নিজে ও তার সমর্থকরা কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে ইচ্ছেমত ব্যালটে সিল দিয়ে বাক্সে ভরেছেন।

বিএনপির বিদ্রোহী প্রার্থী ফরহাদ হোসেন আক্কাস মৃধা অভিযোগ করেন, ভোট নেওয়া শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও এজেন্টরা কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল দিয়েছেন।

তাদের আরো অভিযোগ হলো, দুপুর ১টার দিকে প্রায় সকল কেন্দ্র আওয়ামী লীগের নেতাকর্মীরা দখলে নিয়ে ইচ্ছেমতো ভোট ডাকাতি করেছে।

তবে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, এসব ফরহাদ হোসেনের বানোয়াট অভিযোগ। ক্যামেরা ছিনতাই ও ব্যালটে সিল দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী বলেন, তাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সব ধরনের প্রস্ততি ছিল তাদের।