ওভাবে আউট হয়ে নিজের ওপর বিরক্ত ম্যাথিউস

আউট হওয়ার আগ পর্যন্ত দারুণ খেলছিলেন ম্যাথিউস। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট।
ফেরার টেস্টে উইকেটে যাওয়ার পর থেকেই দারুণ খেলছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাবলিল ব্যাটিংয়ে দ্রুত থিতু হয়ে অনায়াসেই বাড়াচ্ছিলেন রান। কিন্তু হুট করেই বাজে এক শটে শেষ হয় তার ইনিংস। সম্ভাবনাময় এক ইনিংস ওভাবে শেষ হওয়ায় ভীষণ হতাশ শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান।

বাংলাদেশের বিপক্ষে পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিন তৃতীয় সেশনে ম্যাথিউস আউট হন ৩২ বলে ২৫ রান করে। বোলিংয়ের অ্যাঙ্গেল বদলে তাকে বিপাকে ফেলেন তাইজুল ইসলাম। রাউন্ড দা উইকেটে বল করা তাইজুলকে খেলতে কোনো সমস্যাই হচ্ছিল না ম্যাথিউসের। এই বাঁহাতি স্পিনার পরিকল্পনা বদলে ওভার দা উইকেট বোলিংয়ে আসেন। ম্যাথিউস এবার বোল্ড প্রথম বলেই।

শনিবার চতুর্থ দিনের খেলা শুরুর আগে টিভি সাক্ষাৎকারে ম্যাথিউস বললেন, সিঙ্গেল নেওয়ার চেষ্টায় নিজের বিপদ ডেকে আনেন তিনি।

“শুরু থেকে যেভাবে খেলছিলাম, এতটা ভালো আমি কম সময়ই খেলেছি। বেশ আত্মবিশ্বাসী ছিলাম। ওই বলটায় চেয়েছিলাম একটু দেরিতে খেলে এক রান নিতে। কিন্তু যতটা ভেবেছিলাম, ততটা টার্ন করেনি বল। আমি বুঝতে পারছিলাম যে ততটা টার্ন করছে না, ততক্ষণে দেরি হয়ে যায়।”

“আমি প্রচণ্ড হতাশ ওই শটে। খুব আলগা শট, অবশ্যই আরেকটু মনোযোগী হওয়া উচিত ছিল। খুব আয়েশী শট হয়ে গেছে। সুযোগ হাতছাড়া করেছি।”

ম্যাথিউসকে আউট করে তৃতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। পরে আর ওইদিন কোনো উইকেট পড়েনি। বাংলাদেশের ৫৪১ রানের জবাবে শ্রীলঙ্কা দিন শেষ করে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে।