চট্টগ্রামে আরও ৪৯ কোভিড-১৯ রোগী শনাক্ত

দুটি ল্যাবের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় আরও ৪৯ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে।

চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়।

রোববার বিআইটিআইডিতে ২১৭টি নমুনা পরীক্ষা করে মোট ২২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

তিনি বলেন, ২২ জনের মধ্যে চট্টগ্রামের ১৪ এবং নোয়াখালী জেলার আটজন আছেন।

চট্টগ্রামের ১৪ জনের মধ্যে মহানগরীতে ১১ জন এবং মিরসরাই, চন্দনাইশ ও হাটহাজারী উপজেলায় তিনজন।

মহানগরীর আগ্রাবাদ হাজী পাড়া, নাসিরাবাদ মেয়র গলি, সরাই পাড়া, একে খান এলাকা, উত্তর কাট্টলী, মুন্সীপাড়া, কর্ণেল হাট ও ফিল্ড হাসপাতালে একজন করে এবং হালিশহর এলাকায় দুইজন করোনাভাইরাস সংক্রমিত রোগী পাওয়া গেছে।

অন্যদিকে সিভাসু ল্যাবে শনিবার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয় এবং এর ফল জানানো হয় রোববার।

এতে মোট ৫৩টি নমুনায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে বলে জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

তিনি জানান, ৫৩ জনের মধ্যে চট্টগ্রাম জেলার ৩৫ জন। এর মধ্যে মহানগরী এলাকার দুইজন এবং বাকিগুলো বিভিন্ন উপজেলার। এছাড়া ফেনী জেলার সাতজন, লক্ষীপুরের তিন এবং নোয়াখালী জেলার আটজন।

সিভাসুর ল্যাবে করা পরীক্ষায় নগরীর মনসুরাবাদ ও মনসুরাবাদ এলাকার দুইজন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১৪জন, রাঙ্গুনিয়া উপজেলার ১০জন, সন্দ্বীপের সাতজন এবং বাঁশখালী ও রাউজান উপজেলার একজন করে আছেন।

সিভাসু ও বিআইটিআইডি মিলিয়ে রোববার ঘোষিত নমুনার পরীক্ষার ফলে চট্টগ্রাম জেলায় মোট ৪৯ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী, চট্টগ্রামের রোববার রাত পর্যন্ত ২৬৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ল।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন।