শুক্রবার বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
মুহিত বলেন, “আগে সঞ্চয়পত্রের সুদের হার সময় নিয়ে নির্ধারণ করতাম, অনেক বছর করতাম না। এখন থেকে নিয়ম করেছি বছরে একবার (সঞ্চয়পত্রের) সুদের হার রিভিউ করব।এর কারণ হচ্ছে মার্কেট রেইটের সঙ্গে সুদের হারে খুব বেশি ব্যবধান রাখা ঠিক না।
“আগামী মাসে না হলে আগামী দুই মাসের মধ্যে সুদের হার রিভিউ করা হবে।”
বর্তমানে ব্যাংকগুলোতে আমানতের সুদের হার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে। অন্যদিকে বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সুদের হার ১১ থেকে ১২ শতাংশের মতো।
বিক্রির লাগাম টেনে ধরতে ২০১৫ সালের ১০ মে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার গড়ে ২ শতাংশ করে কমিয়েছিল সরকার। দুই বছর পর আরেক দফা কমানো হচ্ছে।
সম্প্রতি ব্যবসায়ীদের অর্থমন্ত্রী বলেছেন, “আমাদের এখানে সঞ্চয়পত্রের সুদের হার আসলেই বেশি। সাধারণত ব্যাংক আমানতের সুদের হারের চেয়ে সঞ্চয়পত্রের সুদের হার ১-২ শতাংশ বেশি হয়ে থাকে। বর্তমানে এই ব্যবধান ৪ শতাংশের বেশি।