শুধু হলিউড ও বলিউড তারকারাই নয়, ফিটনেস ধরে রাখতে জোর দিচ্ছেন এখন ঢালিউডের তারকারাও। মহামারীকালে ঘরবন্দি এই সময়ে নিজের ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জে জিমের শরণ নিচ্ছেন আরিফিন শুভ, অপু বিশ্বাস, আফিয়া নুসরাত বর্ষা, বিদ্যা সিনহা মীম, নুসরাত ফারিয়ারা। ফেইসবুকে সেই ছবিও দিচ্ছেন তারা।
কয়েক বছরের বিরতি ভেঙে চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন অপু বিশ্বাস; ছেলে আব্রাম খান জয়কে নিয়ে নিয়মিত জিমে দেখা যায় এক সময়ের সাড়াজাগানো এ চিত্রনায়িকাকে।
আফিয়া নুসরাত বর্ষার হাতে বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ রয়েছে; সামনে আরও কয়েকটি ছবিতে কাজের কথাবার্তা রয়েছে। তার আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি। তার স্বামী অনন্ত জলিলকেও নিয়মিত জিমে ঘাম ঝরাতে দেখা যায়।
বিদ্যা সিনহা মীম আগে থেকেই নিয়মিত জিম করলেও ঘরবন্দি এই সময়ে আরও মনোযোগী হতে সম্প্রতি একজন ফিটনেস ট্রেইনার নিযুক্ত করেছেন। সামনে তার হাতেও বেশ কয়েকটি ছবির শুটিং রয়েছে।
বঙ্গবন্ধুর বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে মুম্বাই থেকে ফিরে জিমে মনোযোগী হয়েছেন নুসরাত ফারিয়া; জিমের ছবির সঙ্গে মাঝে মাঝে ভিডিও ফেইসবুক পোস্ট করেন এ নায়িকা।