জেনারেল মিন অং হ্লাইং শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় দক্ষিণপূর্ব এশিয়ার ১০টি দেশের জোট আসিয়ানের সম্মেলনে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
সশরীরে যোগ দিলে এটাই অভ্যুত্থানের পর তার প্রথম বিদেশ সফর হিসেবে বিবেচিত হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
গত বছর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে দাবি করে দেশটির সেনাবাহিনী এ বছরের ১ ফেব্রুয়ারি ক্ষমতা কেড়ে নেয় ও অং সান সুচিসহ অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীকে আটক ও গৃহবন্দি করে।
এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী ব্যাপক আন্দোলন শুরু হয়।
নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন এখন পর্যন্ত দেশটিতে ৭০০র বেশি মানুষের প্রাণ কেড়ে নিলেও আন্দোলন থামাতে পারেনি।
ইন্দোনেশিয়ার রাজধানীতে আসিয়ানের এবারের সম্মেলনে ফেব্রুয়ারির অভ্যুত্থান ও পরবর্তী টালমাটাল পরিস্থিতি নিয়েই আলোচনা হবে; এটাই হতে যাচ্ছে মিয়ানমারের সংকট নিরসনে প্রথম কোনো আন্তর্জাতিক উদ্যোগ।
আঞ্চলিক জোটের এ সম্মেলনে হ্লাইং সশরীরে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা এবং ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে এবারের সম্মেলনে থাকছেন না; পররাষ্ট্রমন্ত্রীরা দেশদুটির প্রতিনিধিত্ব করবেন।
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শানার বার্গনার এ সময় জাকার্তায় থাকবেন বলে জানিয়েছে বিবিসি। আসিয়ান সম্মেলনের সাইডলাইনে কয়েকটি বৈঠকে তার অংশ নেওয়ার কথা রয়েছে।