বাগেরহাটের ফকিরহাটে দুটি ট্রাকের সংঘর্ষে এক চালকের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার দুপুরে উপজেলার পালেরহাট এলাকার গোলামের অটোরাইস মিলের সামনের বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফকিরহাট থানার এসআই এস এম রায়হান জানান।
নিহত মো. আমিরুল ইসলাম (৪০) চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সানঘাট গ্রামের মো. রইস উদ্দিনের ছেলে।
এ সময় অপর ট্রাকের চালক মো. সিরাজ ও তার ছেলে আসিব গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান রায়হান।
সিরাজের বাড়ি খুলনার ফুলতলা এলাকায় বলে জানায় পুলিশ।