গাইবান্ধায় অবৈধ বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধায় অবৈধভাবে নেওয়া বিদ্যুতের সংযোগ তারে জড়িয়ে এক গৃহবধূ মারা গেছেন।

মঙ্গলবার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমি বেগম ওই ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী ও একই গ্রামের সমুর আলীর মেয়ে।

সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

নিহতের স্বামী বাবু মিয়া জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সুমি প্রতাপ গ্রামের এক ব্যক্তির ধান ক্ষেতের আইলে ঘাস কাটতে যায়। সেখানে ঝুলিয়ে থাকা বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে সুমি চিৎকার করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, প্রায় ৬ মাস আগে প্রতাপ গ্রামের সৈয়দ আলীর ছেলে আকাব্বর আলীর বাড়ি থেকে পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার বিশ্বাস হলদিয়া গ্রামের মুকুল মিয়ার বাড়িতে অবৈধভাবে এ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

সাদুল্লাপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোজাম্মেল হক বলেন, এ সংযোগ প্রদানের জন্য দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।