ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ১৪ এপ্রিল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত আট জন ও উপসর্গ নিয়ে ২০ জন মারা গেছে।
এদিকে, করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসার কথা চিন্তা করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনটি আইসিইউ বেড বাড়ানো হয়েছে।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, প্রতিদিন হাসপাতলে করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়ছে। গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালে ১০টি আইসিইউ ছিল।
“তবে রোগীদের সুচিকিৎসার কথা চিন্তা করে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে তিনটি বেড যুক্ত করার উদ্যোগ নেয়।”
ময়মনসিংহ মেডিকেলের করোনা ডেডিকেটেড হাসপাতালের ২১০টি সাধারণ বেডে ১২০ জন চিকিৎসাধীন আছেন বলে তিনি জানান।
জেলা সিভিল সার্জন ডা.নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫১টি নমুনা পরীক্ষা করে আট জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে সদরে পাঁচ জন, নান্দাইল, ভালুকা, গফরগাঁওয়ে একজন করে। হোম আইসোলেশনে আছেন ৪৬৪ জন। এছাড়া জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৪২৬ জন, সুস্থ হন ৪৮২৭ জন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন।