গজারিয়ায় রেফায়েত চেয়ারম্যান নির্বাচিত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে স্থগিত নয় কেন্দ্রের ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বুধবার সন্ধ্যায় রির্টানিং অফিসার ও এডিসি(সার্বিক) মো. সারোয়ার মোর্শেদ চৌধুরী স্থগিত ৯টি কেন্দ্রের পুনরায় ভোট শেষে এ ফলাফল ঘোষণা করেন।

রেফায়েত ৪৫ কেন্দ্রের সবকটির ফলাফলে দোয়াত কলম প্রতীক নিয়ে ২৮ হাজার ৬০৮ পেয়েছেন।এর আগে ৩৬ কেন্দ্রের ফলাফলে তিনি ১০ হাজার ৮শ’ ভোটে এগিয়ে ছিলেন।

তার নিকটতম হয়েছেন আওয়ামী লীগের আমিরুল ইসলাম। মোটরসাইকেল প্রতীকে তিনি ১৬ হাজার ১০১ ভোট পেয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ৯১৮ ভোট পেয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান নির্বাচিত হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন ৩২ হাজার ৩৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

২৩ মার্চ গজারিয়ায় নির্বাচনী সহিংসতায় বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ তিনজন নিহত এবং ৫০ জন আহত হয়।

সে সময় ঝুকিপূর্ণ নয়টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।