স্পেনে ‘২২ জনকে কোভিড আক্রান্ত করে’ গ্রেপ্তার

নিজে আক্রান্ত হওয়ার পর আরও ২২ জনকে কোভিড-১৯ এ সংক্রমিত করার অভিযোগে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ।

তীব্র জ্বর আর কাশি নিয়ে নিয়মিত কাজে ও জিমে যাওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে মাইয়র্কা দ্বীপে নিজের কর্মস্থলের আশপাশে ঘোরাফেরা, মাস্ক নামিয়ে রাখা, কাশি দেওয়া এবং সহকর্মীদেরকে ‘সংক্রমিত করতে যাচ্ছি’ বলার অভিযোগ পাওয়া গেছে। 

এসব কাণ্ডের পরে ওই ব্যক্তির ৫ সহকর্মী, জিমের ৩ সতীর্থ এবং এক বছরের তিন শিশুসহ পরিবারের ১৪ সদস্যের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

শনিবার স্পেনের পুলিশ এক বিবৃতিতে জানায়, বেশ কয়েকদিন ধরে উপসর্গ থাকার পরও ওই ব্যক্তি মানাকোর শহরের কর্মস্থল থেকে বাড়িতে ফিরতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

এক সন্ধ্যায় করোনাভাইরাস শনাক্তে পিসিআর টেস্ট করালেও ফলের অপেক্ষায় থাকা অবস্থাতেই তিনি কর্মস্থলে ও পরদিন জিমে যান।

তার সহকর্মীরা তাকে বাড়ি যেতে বললেও তিনি তা শোনেননি। উল্টো মাস্ক নামিয়ে কাশি দিয়েছেন এবং বলেছেন, “আমি আপনাদের সবাইকে আক্রান্ত করতে যাচ্ছি।”

তার কোভিড শনাক্তকরণ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এলে সহকর্মীরা ‘আতঙ্কিত হয়ে পড়েন’ বলে জানিয়েছে জানুয়ারির শেষ পর্যায় থেকে এ অভিযোগগুলো নিয়ে তদন্তে থাকা পুলিশ।

ওই ব্যক্তি কিংবা তার মাধ্যমে যারা আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ, তাদের কেউই পরে গুরুতর অসুস্থ হননি, বলেছে তারা।