নাটোরে ট্রাকচাপায় ২ মাদ্রাসা শিক্ষক নিহত

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার এসআই আব্দুল খালেক জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংড়া সেতুর যাত্রীছাউনির সামনে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনার পর ঘটনার বিক্ষুব্ধ লোকজন প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার খলিলুর রহমান (৩৫) ও বেলাল হোসেন (৩৬)।

আহত শিক্ষক হাফেজ মওলানা আব্দুল হামিদ (৪০) নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকার বাসিন্দা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে এসআই বলেন, নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার ওই তিন শিক্ষক মোটর সাইকেলে করে সিংড়া সেতুতে পৌঁছায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান।

খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ লোকজন মহাসড়কে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খালেক জানান।

তিনি বলেন, ট্র্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।