জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2021-04-25 16:19:03 BdST
রোববার এক বিবৃতিতে দলটি এই নিন্দা জানায়।
সরকারের গ্রেপ্তার অভিযানের সমালোচনা করে বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গত একমাসে সারাদেশে বিরোধীদল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে।
“গ্রেপ্তার অভিযানের এই ধারাবাহিকতায় গতকাল ২০ দলীয় জোট নেতা খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।“
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার সন্ধ্যায় কাদেরকে ঢাকার পশ্চিম আগারগাঁও থেকে গ্রেপ্তার করে।
তিনি হেফাজত ইসলামের নায়েবে আমির ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি।
গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল আলম শনিবার জানিয়েছেন, “তার বিরুদ্ধে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও পোড়াও, ভাংচুর মামলা ছাড়াও সাম্প্রতিক সময়ে মতিঝিলে নাশকতামূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।“
গ্রেপ্তারের পরদিন এই বিষয়ে নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে বিএনপি মহাসচিব কাদেরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তি এবং গ্রেপ্তার অভিযান বন্ধের দাবি জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, “বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিষ্কন্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল, ভিন্নমত ও স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
“দেশ পরিচালনা ও করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নিদারুণ ব্যর্থতায় জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আন্দোলন-সংগ্রাম দমন করতে সরকার এহেন অরাজক পরিস্থিতি তৈরি করছে।”
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ভয়াবহ করোনা পরিস্থিতি ও রমজানের মধ্যেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নাই। তারা ফ্যাসিবাদী কায়দায় জনঅধিকার কেড়ে নিচ্ছে এবং কল্পকাহিনী রচনা করে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।