এসএ গেমসের সোনাজয়ী জিয়ারুল উজবেকিস্তানে নবম

  • স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2021-04-24 19:17:23 BdST

bdnews24
এসএ গেমসে ভারোত্তোলনে সোনাজয়ী জিয়ারুল ইসলাম

গত এসএ গেমসে তার হাত ধরেই ভারোত্তোলনে দ্বিতীয় সোনার পদকের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই জিয়ারুল ইসলাম আলো ছড়াতে পারেননি উজবেকিস্তানে হওয়া এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে। ৯ প্রতিযোগীর মধ্যে হয়েছেন নবম।

উজবেকিস্তানের তাসখন্দে শনিবার ১০২ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (১২৩ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১৪১ কেজি) মিলিয়ে ২৬৪ কেজি তোলেন জিয়ারুল।

ইরানের রসুল মোতামেদি সব মিলিয়ে ৪০০ কেজি তুলে সোনা জিতেছেন। কাতারের ফারেস ইব্রাহিম রুপা পেয়েছেন ৩৯৬ কেজি তুলে। ব্রোঞ্জ জেতা কাজাখস্তানের ভারোত্তোলন তুলেছেন ৩৯০ কেজি।

নেপালের কাঠমাণ্ডু-পোখারার এসএ গেমসে ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৬২ কেজি তুলে সোনা জিতেছিলেন জিয়ারুল। ওই আসরে সোনা জিতেছিলেন বাংলাদেশের আরেক ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত।

উজবেকিস্তানের প্রতিযোগিতায় আগের দিন বাংলাদেশের আরেক প্রতিযোগী কাজী মনিরাও ব্যর্থ হন। মেয়েদের ৮১ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৫৫ কেজি তুলে আট প্রতিযোগীর মধ্যে অষ্টম হয়েছিলেন তিনি।


ট্যাগ:  ভারোত্তোলন