স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2021-07-06 10:04:06 BdST
প্রথম সেমি-ফাইনালে নেইমারের জাদুকরি পাস থেকে লুকাস পাকুয়েতার গোলে পেরুকে হারায় ব্রাজিল। শুধু ওই পাসই নয়, গোটা ম্যাচে তার পায়ের কারুকাজ দেখা গেছে অনেকবারই। গোল না পেলেও তাই ম্যাচের সেরা ফুটবলার তিনিই।
কোয়ার্টার-ফাইনালেও ম্যাচ সেরা ছিলেন নেইমার। আসরে তিনবার তিনি হলেন ম্যান অব দা ম্যাচ।
নিজেরা ফাইনালে উঠে তারা এখন তাকিয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে। যেখানে আর্জেন্টিনা লড়বে কলম্বিয়ার সঙ্গে। প্রথম সেমি-ফাইনাল শেষে নেইমার হাসিমুখে জানিয়ে দিলেন, ফাইনালে কোন দলকে চান।
“আমি আর্জেন্টিনাকেই চাই, ওদের হয়েই গলা ফাটাব (দ্বিতীয় সেমি-ফাইনালে)। ওখানে আমার অনেক বন্ধু আছে এবং সেই ফাইনালে ব্রাজিলই জিতবে।”
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় শুরু হবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার লড়াই।