জেসন কেনির হাত ধরে আসরে আরেকটি সোনা জিতল গ্রেট ব্রিটেন। সাইক্লিং ট্র্যাকে ছেলেদের কিরিন ইভেন্টে সেরা হয়ে ব্রিটেনের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সাতটি সোনা জিতলেন তিনি।
১০ কিলোমিটার ম্যারাথন সুইমিংয়ে জিতে রেকর্ড বইয়ের একটি পাতায় নিজের নাম তুলেছেন জার্মানির ফ্লোরিয়ান ভেলব্রক। দূরপাল্লার সাঁতারে প্রথম পুরুষ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে অলিম্পিকের পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছেন এই ২৩ বছর বয়সী সাঁতারু।
রেকর্ড গড়ে পুরুষদের শট পুটে সোনার মুকুট ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের রায়ান ক্রাউজার।
ছেলেদের ১১০ মিটার হার্ডলসে বাজিমাত করেন জ্যামাইকার হান্সলে পার্চমেন্ট।
ছেলেদের ২০ কিলোমিটার হন্টনে সেরা হয়েছেন ইতালির মাস্সিমো স্তানো।
যুক্তরাষ্ট্রের ঘরে গেল আরেকটি সোনা। রেসলিংয়ে মেয়েদের ৬৮ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে নাইজেরিয়ার ব্লেসিং ওবোরুডুডুকে হারিয়ে সেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের টামিরা মেনসে-স্টাক।
গ্রেকো-রোমান রেসলিংয়ের পুরুষ ১৩০ কেজি ওজন শ্রেণির শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখলেন মিহাইন লোপেস নুনেস। অলিম্পিকসের আঙিনায় প্রথম পুরুষ হিসেবে টানা চতুর্থ সোনা জয়ের অনন্য কীর্তি গড়লেন কিউবার এই কুস্তিগীর।
মেয়েদের ১০০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ডধারী কেন্ড্রা হ্যারিসনকে হারিয়ে সেরা হলেন জেসমিন কামাচো-কুইন। দেশ পুয়ের্তো রিকোকে এনে দিলেন অলিম্পিকের অ্যাথলেটিক্সে প্রথম সোনার অনির্বচনীয় স্বাদ।
আসরে মরক্কোর প্রথম জেতা পদকটিই সোনার। পুরুষ ৩ হাজার মিটার স্টিপলচেইজে রিওতে চতুর্থ হওয়া সোফিয়ান এল বাক্কালি হয়েছেন সেরা।
আর্টিস্টিক জিমন্যাস্টিকসে মেয়েদের ফ্লোর ইভেন্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের জেড ক্যারি।
ফ্রান্সের ঘরে আরেকটি সোনা। শুটিংয়ে ছেলেদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে জিতেছেন দেশটির জ্যাঁ কিকমপোয়া।
গ্রেসিয়া পলি ও আপ্রিয়ানি রাহায়ুর হাত ধরে আসরে প্রথম সোনার পদক জিতল ইন্দোনেশিয়া। মেয়েদের দ্বৈত ব্যাডমিন্টনে চীনের চেন কিং চেন ও জিয়া ইফেনকে হারিয়েছেন তারা।
গ্রিসকে আরেকটি সোনা এনে দিলেন মিলতিয়াদিস তেনতোগ্লু। অ্যাথলেটিকসে ছেলেদের লং-জাম্প ইভেন্টে সেরা হয়েছেন তিনি।
ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন চীনের জাং চেংহং।
ভারোত্তোলনে মেয়েদের ৮৭ কেজি ওজন শ্রেণিতে মোট ২৭০ কেজি তুলে সোনার পদক গলায় পরেছেন চীনের ওয়াং জুওইও।
ব্যাডমিন্টনে মেয়েদের এককে চীনকে অলিম্পিকে রেকর্ড পঞ্চমবার সোনা জেতালেন চেন ইউ ফেই। ফাইনালে তিনি হারান চাইনিজ তাইপের তাই চু ইংকে।
ছেলেদের হাই-জাম্পে এককভাবে সোনা জিততে পারেননি কেউ। যৌথভাবে সেরা ইতালির জানমারকো তামবেরি ও কাতারের মুতাজ এসা বারশিম।
আর্টিস্টিক জিমন্যাস্টিকসে মেয়েদের ভল্ট ইভেন্টে সেরা হয়েছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে।
১৯৯৫ সালে গড়া বিশ্বরেকর্ড ভেঙে মেয়েদের ট্রিপল জাম্পে সোনা জিতেছেন ভেনেজুয়েলার জুলিমার রোহাস। আসরে যা দেশটির প্রথম সোনার পদক।
অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে ৯ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন মার্সেল জেকবস। অলিম্পিকে এই ইভেন্টে তার হাত ধরে প্রথম সোনা জিতল ইতালি।
মেয়েদের শট পুটে সোনা জিতেছেন চীনের গং লিজিয়াও।
সুইমিংয়ে ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে সেরা যুক্তরাষ্ট্রের কেলেব ড্রেসেলের মুখে।
সাঁতারে ছেলেদের ১০০ মিটার মিডলে রিলেতে সোনা জয়ী অস্ট্রেলিয়া দল।
সাঁতারে ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বাজিমাত করেন যুক্তরাষ্ট্রের রবার্ট ফিঙ্ক।
সাঁতারে মেয়েদের ১০০ মিটার মিডলে রিলের সোনার পদকের হাসি অস্ট্রেলিয়ার।
মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ২৩ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে সোনা জিতেন এমা ম্যাককিওন।
আর্টিস্টিক জিমন্যাস্টিকসে মেয়েদের অল-অ্যারাউন্ড ইভেন্টে সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের সানিসা লি।
রোয়িংয়ে ছেলেদের পেয়ার ইভেন্টে সোনা জিতলেন ক্রোয়েশিয়ার দুই ভাই মার্তিন সিনকোভিচ ও ভালেন্ত সিনকোভিচ। অলিম্পিকসের গত আসরে ছেলেদের ডাবল স্কালসে সেরা হয়েছিলেন তারা।
গ্রেস প্রেনডারগাস্ট ও কেরি গাওলারের সৌজন্যে এবারের আসরে প্রথম সোনার স্বাদ পেল নিউ জিল্যান্ড। রোয়িংয়ে মেয়েদের পেয়ার ইভেন্টে সেরা হয়েছেন এই জুটি।
রোয়িংয়ে আয়ারল্যান্ডের ইতিহাসে প্রথম সোনা এনে দিলেন ফিনট্যান ম্যাককার্থি ও পল ও'ডোনোভান। ছেলেদের লাইটওয়েট ডাবল স্কালসে সেরা হয়েছেন আইরিশ এই জুটি। আসরেও এটি দেশটির প্রথম সোনার পদক।
আসরে স্লোভাকিয়াকে প্রথম সোনা জেতালেন জুজানা রেহাক স্তেফেসেকোভা। শুটিংয়ে মেয়েদের ট্র্যাপ ইভেন্টে ৫০ শটের ৪৩টি লক্ষ্যে রেখে ফাইনালের রেকর্ড গড়ে সেরা হয়েছেন তিনি।
জুডোয় আরেকটি সোনা জিতল জাপান। ছেলেদের ১০০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন উলফ অ্যারন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার চো গুহামকে হারিয়েছেন তিনি।
জুডোয় মেয়েদের ৭৮ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন জাপানের হামাদা শোরি। ফ্রান্সের মেদেলিন মালোঙ্গাকে হারিয়ে সেরা হয়েছেন তিনি।
ইরি লিপতাকের হাত ধরে আসরে প্রথম সোনার স্বাদ পেল চেক প্রজাতন্ত্র। শুটিংয়ে ছেলেদের ট্র্যাপ ইভেন্টে সেরা হয়েছেন এই শুটার।
ক্যানু স্ল্যালমের মেয়েদের এককে সেরা অস্ট্রেলিয়ার জেসিকা ফক্স।
সুইমিংয়ে মেয়েদের ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে চীন।
ছেলেদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে হিটে অলিম্পিক রেকর্ড গড়া মিখাইলো রোমানচুককে হারিয়ে সোনাজয়ী যুক্তরাষ্ট্রের রবার্ট ফিঙ্ক।
অলিম্পিকের রেকর্ড গড়ে ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনাজয়ী অস্ট্রেলিয়ার সাতারু আইজ্যাক স্টাবেল্টি-কুক।
মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সেরা ‘বাটারফ্লাই কুইন’ খ্যাত চীনের ২৩ বছর বয়সী জং ইউফেই।
ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইলে দশমিক ৩ সেকেন্ড কম সময় নিয়ে রেকর্ড গড়ে সোনা জেতেন যুক্তরাষ্ট্রের কেলেব ড্রেসেল।
বাস্কেটবল ৩*৩ দলগত ইভেন্টে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। অলিম্পিকসে নতুন যোগ হওয়া এই ডিসিপ্লিনের প্রথম সোনা জয়ী তারা। ফাইনালে রাশিয়াকে (আরওসি) ১৮-১৫ ব্যবধানে হারিয়েছে দলটি।
অলিম্পিকসের নতুন ডিসিপ্লিন বাস্কেটবল ৩*৩ দলগত ইভেন্টে মেয়েদের পর ব্যর্থ রাশিয়ার ছেলেরাও। ফাইনালে তাদেরকে ২১-১৮ ব্যবধানে হারিয়ে ছেলেদের এই ইভেন্টে প্রথম সোনা জয়ের রেকর্ড গড়ল লাটভিয়া। টোকিওর আসরে পদকের খাতাও খুলল দলটি।
ফেন্সিংয়ে ছেলেদের সেইবার দলগত ইভেন্টে সেরা হয়েছে দক্ষিণ কোরিয়া। ফাইনালে ইতালিকে ৪৫-২৬ ব্যবধানে হারায় তারা।
আরাই চিজুরু হাত ধরে আরেকটি সোনার পদক ঘরে নিল স্বাগতিক জাপান। জুডোয় মেয়েদের ৭০ কেজি ওজন শ্রেণির ফাইনালে অস্ট্রিয়ার মিশায়েলা পোলেরেসকে হারিয়েছেন তিনি।
রোয়িংয়ে পুরুষদের ডাবল স্কালসে সোনা জিতেছেন ফ্রান্সের উগো বুশোহঁ ও মাচিউ আঁদ্রিওদিয়াস।
আনকুচা বোদনার ও সিমোনা রাদিসের সৌজন্যে এবারের আসরে প্রথম সোনার স্বাদ পেল রোমানিয়া। রোয়িংয়ে মেয়েদের ডাবল স্কালসে সেরা হয়েছেন এই জুটি।
নেদারল্যান্ডসকে আরেকটি সোনা এনে দিলেন আনেমিক ফন ফ্লুটেন। সাইক্লিংয়ে নারী এককের টাইম ট্রায়ালে সেরা হয়েছেন তিনি।
ডাইভিংয়ে পুরুষ সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে সোনা জিতেছেন চীনের ইউয়েন জংইউয়েন ও শিয়ে সিয়ি।
সাইক্লিংয়ে পুরুষ এককের টাইম ট্রায়ালে সোনা জিতেছেন স্লোভেনিয়ার প্রিমোস রগলিচ।
সুইমিংয়ে ছেলেদের ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জিতেছে গ্রেট ব্রিটেন।
রিও দে জেনেইরোর পর রাগবি সেভেনের মুকুট টোকিওতে ধরে রাখল ফিজি। সবশেষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডকে ২৭-১২ ব্যবধানে হারিয়ে সোনার পদক জিতে এবারের আসরে পদকের খাতা খুলল তারা।
ব্যর্থতার বলয় ভেঙে সোনার পদক অবশেষে জিতলেন যুক্তরাষ্ট্রের তারকা সাঁতারু কেটি লেডেকি। মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ১৫ মিনিট ৩৭ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন তিনি।
মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে সেরা হলেন আরিয়ার্ন টিটমাস। এবারের আসরে আরেকটি সোনার স্বাদ পেলেন অস্ট্রেলিয়ার এই সাঁতারু।
এবারের আসরে দ্বিতীয় সোনা জিতলেন জাপানের সাতারু ইউই ওহাশি। মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সেরা হয়েছেন তিনি।
২০০ মিটার বাটারফ্লাইয়ে মাইকেল ফেলপসের অলিম্পিক রেকর্ড ভেঙে সোনা জিতলেন ক্রিস্তোফ মিলাক। ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন হাঙ্গেরির এই সাতারু।
ফেন্সিংয়ে মেয়েদের দলীয় এপে ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৩৬-৩২ পয়েন্টে হারিয়ে আসরে প্রথম সোনা জিতেছে এস্তোনিয়া। অলিম্পিক ইতিহাসে ফেন্সিংয়ে দেশটির এটি প্রথম সোনার পদক।
সার্বিয়াকে আসরে প্রথম সোনা এনে দিলেন মিলিসা মান্দিচ। মেয়েদের হেভিওয়েট তায়কোয়ান্দোর ৬৭+ কেজি ওজন শ্রেণির ফাইনালে দক্ষিণ কোরিয়ার লি দাবিনকে ১০-৭ পয়েন্টে হারিয়ে সেরা হন তিনি। ২০১২ সালের পর এই ইভেন্টে আবারও সোনা জিতলেন সার্বিয়ান এই অ্যাথলেট।
শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে সেরা হয়েছে চীন। দেশকে সোনা জিতিয়েছেন জিয়াং রানশিন ও পাং ওয়ে।
শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে মিশ্র দলগত বিভাগে সোনা জিতেছেন চীনের ইয়াং চিয়ান ও ইয়াং হাওরান।
ডাইভিংয়ে মেয়েদের সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্ম ইভেন্টে সোনা জিতেছে চীন। দেশকে সেরার মর্যাদা এনে দিয়েছেন চেন ইশি ও জাং জিয়াজি।
ক্যানু স্ল্যালম ডিসিপ্লিনে মেয়েদের কায়াক ইভেন্টে সেরা হয়েছেন জার্মানির রিকার্ড ফুঙ্ক।
প্রথমবারের মতো অলিম্পিকে যোগ হওয়া সার্ফিংয়ে মেয়েদের ক্যাটাগরিতে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্যারিসা মুর।
জুডোর ছেলেদের ৮১ কেজি ওজন শ্রেণিতে সেরা জাপানের নাগাসে তাকানোরি।
চাইনিজ তাইপেকে আসরে প্রথম সোনা এনে দিলেন কো সিং-চান। ভারোত্তোলনে মেয়েদের ৫৯ কেজি ওজন শ্রেণিতে তিনটি অলিম্পিক রেকর্ড গড়ে সেরা হন তিনি।
ফ্রান্সকে আসরে দ্বিতীয় সোনা জেতালেন ক্লাহিস আগবেনেনু। জুডোয় মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে সেরা হন রিও অলিম্পিকে রুপা জেতা এই অ্যাথলেট।
আসরে সুইজারল্যান্ডকে প্রথম সোনা এনে দিলেন ইয়োলান্দা নেফ। সাইক্লিংয়ে মেয়েদের মাউন্টেইন বাইক ক্রস কান্ট্রি ইভেন্টে সেরা হন তিনি।
মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অস্ট্রেলিয়ার সাঁতারু কেলি ম্যাককিউয়েন ৫৭ দশমিক ৪৭ সেকেন্ডে অলিম্পিক রেকর্ড গড়ে জিতেছেন সোনার পদক।
ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের টম ডিন।
ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেরা ইভজেনি রুলভ। রাশিয়ার প্রথম সাঁতারু হিসেবে অলিম্পিকে এই ইভেন্টের সোনা জয়ের কীর্তি গড়েছেন তিনি।
সুইমিংয়ে মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের লিডিয়া জ্যাকোবি। ১ মিনিট ০৪ দশমিক ৯৫ সেকেন্ড টাইমিং করে সোনা জেতেন তিনি। আলাস্কা থেকে উঠে আসা প্রথম সাঁতারু হিসেবে সোনা জিতলেন এই তরুণী।
ফ্লোরা ডাফির হাত ধরে অলিম্পিকের ইতিহাসে প্রথম সোনার স্বাদ পেল বারমুডা। মেয়েদের ট্রায়াথলনে সেরা হয়েছেন ৩৩ বছর বয়সী এই অ্যাথলেট।
প্রথমবারের মতো অলিম্পিকে যোগ হওয়া সার্ফিংয়ে পুরুষ ক্যাটাগরিতে ব্রাজিলকে সোনার পদক এনে দিলেন ইতালো ফেরেইরার। ১৫.১৪ পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন তিনি।
স্বাগতিক জাপানকে আরেকটি ইভেন্ট থেকে সোনার পদক এনে দিলেন মিজুতানি জুন ও ইতো মিমা। টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে তারা হারিয়েছে চীনের জুটিকে। ২০০৪ সালের পর এই প্রথম টেবিল টেনিসে সোনা জিততে পারল না চীন।
ক্রিস্তিয়ান ব্লুমেনফেল্তের হাত ধরে আসরে প্রথম সোনা পেল নরওয়ে। ট্রায়াথলনে ছেলেদের এককে দারুণ পারফরম্যান্সে সেরা হয়েছেন ২৭ বছর বয়সী এই অ্যাথলেট। এই ইভেন্টে নরওয়ের হয়ে প্রথম সোনাজয়ী তিনি।
আর্চারির পুরুষ দলগত ইভেন্টে সোনা ঘরে তুলেছে দক্ষিণ কোরিয়া। চাইনিজ তাইপেকে ৬-০ সেট পয়েন্টে স্রেফ উড়িয়ে দিয়েছে তারা।
স্কিট শুটিংয়ে মেয়েদের পর ছেলেদের ইভেন্টে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিয়েছেন ভিনসেন্ট হ্যান্ডকক। কেবল একটি শট মিস করা এই শুটার ৫৯ পেয়ে অলিম্পিকে রেকর্ড গড়েছেন।
ফেন্সিংয়ে ছেলেদের একক এপে ইভেন্টে সোনা জিতেছেন ফ্রান্সের রোমাঁ কেন্নোনি। হাঙ্গেরির গারগলি সিক্লোসিকে ১৫-১০ পয়েন্টে হারিয়েছেন তিনি। ১৯৯২ সালে এরিক স্রেকির পর এই ইভেন্টে সোনা জেতা প্রথম ফরাসি কেন্নোনি।
বোন উতা আবে সোনা জেতার ঘণ্টা খানেকের মধ্যেই জুডোয় ৬৬ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়ে জাপানকে আরেকটি সোনা এনে দেন আবে হিফুমি।
সুইমিংয়ে মেয়েদের ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সেরা হয়েছে অস্ট্রেলিয়া। আসরে প্রথম সোনার পদক পেল দেশটি।
সুইমিংয়ে ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন আহমেদ হাফনাউই। তিউনিসাকে অলিম্পিকের ইতিহাসে পঞ্চম ও সুইমিংয়ে তৃতীয় সোনা এনে দিলেন তিনি।
ডাইভিংয়ের প্রথম সোনা উঠলো চীনের হাতে। মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে শি তিঙ্গমাও ও ওয়াং হান হয়েছেন সেরা।
সাইক্লিংয়ে মেয়েদের রোড রেস ইভেন্টে সোনা জিতেছেন অস্ট্রিয়ার আনা কিসেনহোফের। আসরে দেশটির প্রথম পদক এটি।
আর্চারি ডিসিপ্লিনে দ্বিতীয় সোনা ঘরে তুলল দক্ষিণ কোরিয়া। মিশ্র দলগত বিভাগের পর মেয়েদের দলগত বিভাগেও সেরা হলো দেশটি।
শুটিংয়ে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিলেন উইলিয়াম শ্যানার। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে অলিম্পিকের নতুন রেকর্ড ২৫১.৬ স্কোর গড়েছেন ২০ বছর বয়সী এই তরুণ।
প্রথমবারের মতো অলিম্পিকে যোগ করা স্কেটবোর্ডিং ডিসিপ্লিনের প্রথম সোনা জিতল স্বাগতিক জাপান। ছেলেদের স্ট্রিট ইভেন্টে হোরিগোমে ইউতো জিতিয়েছেন দেশকে।
সুইমিং ইভেন্টের প্রথম সোনা পেল যুক্তরাষ্ট্র। ৪০০ মিটার মিডলেতে ৪ মিনিট ০৯ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন চেইস কেলিস।
রিও দে জেনেইরো অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়ে সোনা জয়ী কাতিনকা হোসসু পারলেন না মুকুট ধরে রাখতে। মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ৩২ দশমিক ০৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন জাপানের ইউই ওহাশি।
ভিতালিনা বাতসারাশকিনার হাত ধরে টোকিও অলিম্পিকসে প্রথম সোনা জয়ের স্বাদ পেয়েছে আরওসি (রাশিয়া)। আসাকা শুটিং রেঞ্জে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ২৪০.৩ স্কোর নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে সোনা জিতেন তিনি।
ফেন্সিংয়ের পুরুষ সেইবার ব্যক্তিগত ইভেন্টে মুকুট ধরে রাখলেন হাঙ্গেরির আরন সিলাগি। প্রথম ব্যক্তি হিসেবে ফেন্সিংয়ের কোনো এক ইভেন্টে তিনটি সোনা জেতার রেকর্ড গড়লেন তিনি।
ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত এপে ইভেন্টে সোনাজয়ী চীনের সুন ইওয়েন।
জাভেদ ফরোঘির হাত ধরে টোকিও অলিম্পিকসে প্রথম সোনা জিতল ইরান। আসাকা শুটিং হলে ১০ মিটার এয়ার পিস্তলের পুরুষ বিভাগে অলিম্পিকের রেকর্ড ২৪৪.৮ স্কোর গড়ে সোনা জিতেন তিনি।
অলিম্পিক অভিষেকেই বাজিমাত করলেন জে দিওক কিম ও সান আন। আর্চারির মিশ্র দলগত বিভাগে সেরা হয়ে দক্ষিণ কোরিয়াকে প্রথম সোনার পদক এনে দেন তারা।
ভারোত্তোলনে মেয়েদের ৪৯ কেজি ওজনশ্রেণিতে সোনার পদক জিতেছেন চীনের হউ ঝিহুই। সেরা হওয়ার পথে তিনি তিন ক্যাটাগরিতেই (স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ২১০ কেজি তুলে) রেকর্ড গড়েন।
শুটিংয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে টোকিও অলিম্পিকসের প্রথম সোনার পদক উঠল চীনের ইয়াং কিয়ানের গলায়। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৫১.৮ স্কোর গড়ে রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনাকে পেছনে ফেলে সোনা জিতেন ইয়াং।