কোভিড-১৯: ভারতকে ‘দ্রুত সহায়তা’র পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

  • নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2021-04-25 12:27:40 BdST

bdnews24
নয়া দিল্লির একটি হাসপাতালে ২৪ এপ্রিল পিপিই পরিহিত একজন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত এক রোগীকে ক্যাজুয়ালটি ওয়ার্ডের বাইরে নিয়ে যাচ্ছেন। ছবি: রয়টার্স

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক মাত্রায় বেড়ে চলায় গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সহায়তার হাত বাড়াতে উদ্যোগী হয়েছে।

দেশটির সরকার ও স্বাস্থ্যকর্মীদের জন্য দ্রুত সহায়তার পরিকল্পনার কথা হোয়াইট হাউজের মুখপাত্রের বরাতে রয়টার্স জানিয়েছে।

ইমেইল বার্তায় ওই মুখপাত্র বলেন, “আমরা উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। ভারতের সরকার ও সেখানকার স্বাস্থ্যকর্মীদের জন্য দ্রুত অতিরিক্ত সহায়তা দেওয়ার বিষয়ে পরিকল্পনা করছি।

“এ বিষয়ে আরও তথ্য দ্রুতই জানাতে পারব বলে আশা করছি।”

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এক মুখপাত্র বলেন, “দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে যাতে, ভারতে কোভিড-১৯ টিকা উৎপাদনের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো থেকে অন্তত কিছু পরিমাণে কাঁচামাল ও উপকরণ সরবরাহ করা যায়।

“চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পথে প্রতিবন্ধকতা চিহ্নিত করে সেগুলো দূর করার জন্য একত্রে কাজ করা গুরুত্বপূর্ণ বলে আমরা বিশ্বাস করি। চলমান টিকাদান কর্মসূচি ও বৈশ্বিক মহামারী মোকাবেলায়ও একসঙ্গে কাজ করার বিকল্প নেই বলেই আমাদের বিশ্বাস।”

তাৎক্ষণিকভাবে এর চেয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি রয়টার্স।

দৈনিক শনাক্ত রোগীর সংখ্যায় এখন প্রতিদিনিই নতুন বিশ্ব রেকর্ড হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশ ভারতে। গত তিন দিনেই প্রায় দশ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে সেখানে।

ভারতের স্বাস্থ্য দপ্তর শনিবার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে সেখানে। তাতে আক্রান্তের মোট সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৬৬ লাখে।  

এক দিনে রেকর্ড ২ হাজার ৬২৪ জনের মৃত্যুতে ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ছাড়িয়ে গেছে।